কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা: নিহত ১, কিয়েভের দূতকে তলব তেহরানের
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে সামরিক হামলার ঘটনায় এক নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ খবর নিশ্চিত করেছে।
তেহরানের দাবি, ইউক্রেন নিজ থেকেই এই হামলার দায় স্বীকার করেছে। এটিকে কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী’ আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ইরান। একই সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাস্পিয়ান সাগরে এই সামরিক হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। এর ফলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ ও বিস্তৃত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে ফোনালাপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আরাগচি আন্তর্জাতিক সম্প্রদায়, ইইউ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের দ্রুত জবাবদিহির মুখোমুখি করার জোর দাবি জানান তিনি।
তেহরান থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানান, কাস্পিয়ান সাগরে এই হামলায় ইরান বেশ উদ্বিগ্ন। দেশটি এমনিতেই দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ ও চাপের মুখে রয়েছে। এ অবস্থায় উত্তর উপকূলীয় সামুদ্রিক রুটে এমন হামলা ইরানি বাণিজ্যের জন্য নতুন হুমকি তৈরি করছে। তেহরান আবারও স্পষ্ট করেছে যে, রাশিয়া-ইউক্রেন সংকটে তারা কখনোই কোনো পক্ষে সরাসরি অংশ নেয়নি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেনীয় বাহিনী ‘যথেষ্ট জোরালো সাফল্য’ পেয়েছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সরঞ্জাম পরিবহনে যুক্ত একাধিক জাহাজ এবং একটি যুদ্ধজাহাজকে নিশানায় পরিণত করা হয়েছে। তবে বেসামরিক কিংবা বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি নিয়ে তিনি আলাদা কোনো মন্তব্য করেননি। এছাড়া রাশিয়া উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও স্থানীয় সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করছে বলেও অভিযোগ তোলেন জেলেনস্কি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











