সিজেপি-র তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ককরোচ জনতা পার্টির (সিজেপি) দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষাঙ্গনে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি করে আসছিল সংগঠনটি। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য ছিল— দুর্নীতির দায় স্বীকার করে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এ বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না।
এর আগে সরকারের সাথে সিজেপির দুই দফা বৈঠক হলেও আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় থাকেন। শনিবার বিকেলে তৃতীয় দফায় সরকারের সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই আলোচনা শুরু হওয়ার ঠিক দেড় ঘণ্টা আগেই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
সরকারের কাছে সিজেপির পক্ষ থেকে মূল তিনটি দাবি উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে প্রথম দাবিটিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বাকি দুটি দাবির মধ্যে ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান। শেষোক্ত দুটি দাবি মেনে নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শুক্রবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের প্রতিনিধি জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ শনিবার বিকেল সাড়ে ৩টায় পুনরায় বৈঠকে বসার কথা জানিয়েছিলেন, তবে তার আগেই ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান।
ইস্তফা দেওয়ার পর শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান জানান, বিগত ১০ দিনের ঘটনায় তিনি ব্যথিত। তিনি উল্লেখ করেন, প্রায় চার দশক ধরে তিনি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করে আসছেন। তিনি আরও জানান, দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রত্যাশাকে তিনি শ্রদ্ধা করেন এবং তাঁদের স্বপ্ন পূরণ করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











