ভারতে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু

২৫ জুলাই ২০২৬ - ১০:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারতে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু
পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। ছবি:সংগৃহীত

ভারতে 'জেন-জি' আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক চত্বরে তোলপাড় চলার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত জুনেই রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদের অবসান ঘটেছিল।

​ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো সম্ভাবনা রয়েছে বিট্টুর। সীমান্তবর্তী এই রাজ্যে বর্তমানে আম আদমি পার্টি (আপ) ক্ষমতায় রয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনৈতিক ভিত্তি শক্ত করতে ও দলীয় অবস্থান মজবুত করার প্রক্রিয়ায় তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিট্টু নিজের পদত্যাগের কথা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

​তিনি আরও উল্লেখ করেন, ভারত তথা নিজের প্রিয় জন্মভূমি পাঞ্জাবের সাধারণ মানুষের জন্য কাজ করাটা তার জন্য এক পরম সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী মোদির সুদৃঢ় নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিট্টু জানান, নতুন উদ্যমে তিনি নিজের সামাজিক ও রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবেন।

​উল্লেখ্য, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। ওই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও পরবর্তীতে তাকে রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়। সেখানে তিনি কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া আসনের অবশিষ্ট মেয়াদের দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0