বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত আইন কঠোরভাবে না মানার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হতে যাচ্ছে। একটি অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই পদক্ষেপ গ্রহণ করল হোয়াইট হাউস।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্ক কাঠামোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন নীতিটি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মোট আমদানিকৃত পণ্যের প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশকে প্রভাবিত করবে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে সামঞ্জস্য রেখে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ এবং চীনসহ বাকি ৩৮টি দেশের ক্ষেত্রে সাড়ে ১২ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের ‘পারস্পরিক শুল্ক’ বাতিল করার পর ১৫০ দিনের জন্য ১০ শতাংশ অস্থায়ী শুল্ক দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হতেই ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো, যা আইনিভাবে চ্যালেঞ্জ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রানজিটে থাকা পণ্যগুলো বিশেষ ছাড়ের আওতায় থাকবে। জ্বালানি তেল, সার, কিছু খাদ্যপণ্য এবং বিশেষ বাণিজ্য চুক্তির আওতাভুক্ত পণ্যসমূহকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানিয়েছেন, বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল থেকে বাধ্যতামূলক শ্রম রোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে নরওয়ে, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো দেশগুলো তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











