ভারতে প্রশ্নফাঁস আন্দোলন: সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টি
ভারতে চলমান ব্যাপক আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশটির কেন্দ্রীয় সরকারের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনরত এই দলটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারের কেন্দ্রস্থলে নয়—হয় কেন্দ্রীয় মন্ত্রীদের আন্দোলনস্থল যন্তর মন্তরে এসে কথা বলতে হবে, নতুবা নিরপেক্ষ কোনো স্থানে এই আলোচনা হতে হবে।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপিকে আলোচনার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। তবে দলটির পক্ষ থেকে তা সঙ্গে সঙ্গে নাকচ করে দেওয়া হয়। সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা বলেন, "মন্ত্রীরা জানিয়েছেন মানুষের ক্ষোভের কারণে তারা যন্তর মন্তরে আসতে পারছেন না। আমরা স্পষ্টভাবে বলছি, এভাবে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না।"
এর আগে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত তরুণদের উদ্দেশ্যে একটি খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র ফাঁস এবং এই আন্দোলন সরকারের কাছে কোনো অহমিকা বা মর্যাদার লড়াই নয়। তিনি এবং স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সময়সীমার তোয়াক্কা না করে যেকোনো সময় তাদের কার্যালয় বা সরকারি বাসভবনে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু সিজেপি তাদের পূর্বের দাবিতে অনড় থেকে নিরপেক্ষ ভেন্যুর শর্ত বহাল রেখেছে।
অন্যদিকে, আন্দোলন চাঙ্গা রাখতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে সামাজিক মাধ্যমে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। কিছুটা বিশ্রামের পর সন্ধ্যার মধ্যেই পুনরায় যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছে বিক্ষোভকারীরা। গত বুধবার রাতে প্রতিবাদকারীদের ওপর পুলিশ চড়াও হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। যদিও দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হতে যাওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে তারা ইট-পাটকেল ও বোতলের মুখে পড়েছিল। পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











