নিইট প্রশ্নফাঁস বিতর্ক: দিল্লির রাজপথে রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের বিক্ষোভ, আটক ও মুক্তি
ভারতের চিকিৎসাবিদ্যার প্রবেশিকা পরীক্ষা নিইট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নফাঁস ইস্যুতে তীব্র উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনীতি। এ ঘটনার জবাবদিহি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করার পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ঘটনা সূত্রে জানা যায়, রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন 'লোক কল্যাণ মার্গ'-এর দিকে পদযাত্রা শুরু করেন বিরোধী জোটের নেতা-কর্মীরা। এতে রাহুল গান্ধীর সাথে নেতৃত্ব দেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মিছিলে বাধা দিলে রাজপথেই পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং রাহুল গান্ধীকে রাজপথ থেকে বলপূর্বক তুলে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।
একই সময়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে মান্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকেও মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা বলেন, দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার নিশ্চিত করা এবং প্রশ্নফাঁস পুরোপুরি ঠেকাতে সরকারের অবিলম্বে একটি কঠোর আইন বা বিল আনা উচিত।
এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিরোধী দলের এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের ওপর নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দ্রুত সংস্কারের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিরোধীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











