যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

২১ জুলাই ২০২৬ - ১১:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত প্রশমনে মধ্যস্থতা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির খবরের ইতিবাচক প্রভাবে তেলের দামে এই পতন দেখা দিয়েছে।

​মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ হ্রাস পেয়ে ৮৮.৮৭ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের সেপ্টেম্বরের চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৮২.৪৭ ডলারে প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে চলতি মাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়।

​ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তেহরান। গত ১৭ জুনের অন্তর্বর্তীকালীন চুক্তি বহাল রেখে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

​তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে নতুন দফায় অভিযান শুরুর কথা জানায়।

​এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এতে করে প্রধান তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

​বাজার বিশ্লেষক আইজি মার্কেটসের টনি সাইকামোর মন্তব্য করেছেন যে, যুদ্ধবিরতি ও আলোচনার সংবাদের কারণে বাজারে সাময়িক স্বস্তি দেখা গেলেও বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ার ঝুঁকি এখনো বজায় রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0