সানায় বিমানবন্দর অবরোধের জের: সৌদির বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

২০ জুলাই ২০২৬ - ২৩:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সানায় বিমানবন্দর অবরোধের জের: সৌদির বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নীতিগতভাবে সামুদ্রিক অবরোধ জারির ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বহাল রাখা অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (২০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

​পাল্টা পদক্ষেপে উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতি

​মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করে সৌদি আরবের ওপর এই কঠোর সামুদ্রিক নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সানা বিমানবন্দরে ধারাবাহিক বাধা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবরোধের বিপরীতে অবরোধ এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে আরও তীব্র প্রতিক্রিয়া দেখাবে তাদের বাহিনী।

​সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার জন্য রিয়াদকে দায়ী করে এর জবাবে সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পাল্টা হামলা চালায় হুতিরা। সম্ভাব্য সব ধরনের যুদ্ধপরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে ইয়েমেনের সাধারণ মানুষকে সংগঠিত হতে ও যোদ্ধাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বৈরুত-ভিত্তিক হুতি মুখপাত্র।

​লোহিত সাগরে জ্বালানি সরবরাহে বড় ঝুঁকির আশঙ্কা

​সংবাদ সংস্থা রয়টার্সের এক সূত্রের বরাতে জানা গেছে, ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে লোহিত সাগরের কৌশলগত প্রবেশপথ 'বাব আল-মান্দেব' অচল করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা পেয়েছে হুতিরা। তেহরানের উচ্চপর্যায়ের নির্দেশের পর ইতোমধ্যে ইয়েমেনের হোদেইদা উপকূলীয় অঞ্চল ও এডেন উপসাগরসংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

​সামরীক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি ইতোমধ্যেই অস্থিতিশীল থাকায় যদি বাব আল-মান্দেব প্রণালি দিয়েও জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সামগ্রিক সরবরাহে নজিরবিহীন প্রভাব পড়তে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0