যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যের শাসনক্ষমতায় ফের পরিবর্তন এসেছে। দলীয় নেতৃত্বের পরিবর্তনের ধারাবাহিকতায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করেন বার্নহাম।
সংসদীয় সরকারব্যবস্থার নিয়ম অনুযায়ী ভোটাররা সরাসরি কোনো ব্যক্তিকে নয়, বরং দলকে নির্বাচিত করে থাকেন। ফলে জাতীয় নির্বাচন ছাড়াই লেবার পার্টির অভ্যন্তরীণ নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব পেলেন অ্যান্ডি বার্নহাম। বিগত এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
দায়িত্ব পাওয়ার পরপরই ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেশের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নতুন প্রধানমন্ত্রী রাজনৈতিক অস্থিরতার কথা স্বীকার করেন। তিনি বলেন, ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিশ্ব দরবারে যুক্তরাজ্যের রাজনৈতিক স্থায়িত্ব ফিরিয়ে আনা এবং অভ্যন্তরীণ রাজনীতি পুনর্গঠন করাই হবে তার প্রশাসনের প্রধান লক্ষ্য।
গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহাম রাজনৈতিক অঙ্গনে ‘কিং অব দ্য নর্থ’ হিসেবে সুপরিচিত। লন্ডনের বাইরে বিভিন্ন অঞ্চলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন তিনি। প্রথম ভাষণে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সরকারের ক্ষমতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তবে ক্ষমতা গ্রহণের শুরুতেই নতুন প্রধানমন্ত্রীকে নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা তার জন্য অন্যতম পরীক্ষা হবে, যিনি ইতোমধ্যে বার্নহামকে ‘চরম উদারপন্থী’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, দেশের ভেতরে রিফর্ম ইউকে ও গ্রিন পার্টির ক্রমবর্ধমান জনসমর্থনের মধ্যে নিজ দল লেবার পার্টির অবস্থান ধরে রাখাও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











