পরীক্ষা পদ্ধতির সংস্কার দাবিতে ‘চলো সংসদ’ কর্মসূচি: দিল্লিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
ভারতে পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিসংক্রান্ত বিক্ষোভ চলাকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (২০ জুলাই) দলটির মুখপাত্র সৌরভ দাস এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সৌরভ দাস অভিযোগ তোলেন, দিল্লি পুলিশ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করে নিয়ে গেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা ও মারধরের অভিযোগ এনে তিনি সংসদ সদস্যদের রাস্তায় নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জানা গেছে, পরীক্ষা পদ্ধতির সংস্কার দাবিগুলো আদায়ের লক্ষ্যে সিজেপি এই কর্মসূচির উদ্যোগ নেয়। লোকসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে হাজারো সমর্থক দিল্লির যন্তর-মন্তরে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকেন।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ আন্দোলনকারীরা সংসদ এলাকার উচ্চ নিরাপত্তাবেষ্টনী ও ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সীমিত বলপ্রয়োগ করা হয় এবং অন্তত ১০ থেকে ১৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সংসদের কয়েকটি প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
এছাড়া সংসদ ভবন সংলগ্ন কনস্টিটিউশন ক্লাব ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) আশপাশের এলাকাগুলোতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সিজেপির দাবি, আরবিআই ভবনের কাছ থেকে অন্তত সাতজন সমর্থককে আটক করা হয়েছে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের উপকমিশনার সচিন শর্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, ছড়িয়ে পড়া সহিংসতার খবর সঠিক নয়; পুরো বিষয়টি পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অভিজিৎ দীপকের হাত ধরে একটি ব্যঙ্গধর্মী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রধান বিচারপতি সূর্যক্যান্টের এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনার পর গঠিত দলটি স্বল্প সময়েই সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











