ভারতের গুজরাটে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন এবং আরও ৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলের দিকে শহরের বাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের একটি প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রমতে, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল, ফলে এটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
বিস্ফোরণের খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এরপর দমকল বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন। তারা কারখানা থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য আহমেদাবাদের সিভিল হাসপাতাল এবং মণিনগরের এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি একটি বিবৃতি দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা প্রদান করছে বলেও নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











