রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলা: নিহত ৭, আহত ৪৯

১৮ জুলাই ২০২৬ - ১৭:৫৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলা: নিহত ৭, আহত ৪৯
ছবি: সংগৃহীত

রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর দুটি প্রধান গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৪৯ জন আহত হয়েছেন। হতাহতের বড় অংশই ঘটেছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি লজিস্টিকস কেন্দ্রে। সেখানে ড্রোন হামলায় সাতজন প্রাণ হারান এবং ২৫ জন আহত হন। অন্যদিকে, মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টাল এলাকায় অবস্থিত ওয়াইল্ডবেরিজের দ্বিতীয় গুদামে বাকি ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার বিষয়ে দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এই বৃহৎ লজিস্টিকস কেন্দ্রগুলো রাশিয়ার সামরিক ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিভিন্ন উপাদান সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও জানান, একই রাতে ইউক্রেনীয় বাহিনী আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল অভিযান চালিয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে রাশিয়ার চালানো হামলায় ১৪ জন নিহত হন।

​রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজ সম্প্রতি বিজ্ঞাপন সংস্থা রুস-এর সাথে একীভূত হয়ে আরডব্লিউবি গ্রুপ গঠন করে। ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, এই যৌথ গ্রুপের বাজারমূল্য প্রায় ১২.৬ বিলিয়ন ডলার। এই আকস্মিক হামলাকে রাশিয়া এবং তাদের কোম্পানির জন্য একটি ‘ভয়ংকর রাত’ হিসেবে বর্ণনা করেছেন ওয়াইল্ডবেরিজের সিইও তাতিয়ানা কিম।

​তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তিনি উল্লেখ করেন, রাশিয়ার সীমান্ত এলাকায় প্রবেশের পর ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছিল। হামলায় আহত ২৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর। চিকিৎসকদের বরাতে তিনি জানান, আহতদের বেশিরভাগই বোমার টুকরো বা শ্র্যাপনেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন।

​এদিকে, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ নিশ্চিত করেছেন যে, ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে আহত কর্মীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, রাতে ওই অঞ্চলে মোট ৪৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তবে ভূপাতিত একটি ড্রোন রাশিয়ার একটি তেল ডিপোতে আঘাত হানলে সেখানে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেসিডেন্ট জেলেনস্কিও ইউক্রেনীয় বাহিনীর তেল স্থাপনায় আঘাত হানার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0