যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও পালটাপালটি হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। আল জাজিরা ও রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক সংকট তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কায় বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) অপরিশোধিত তেলের দামও বৃদ্ধি পেয়ে প্রায় ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির ফলে আগের দিনের দরপতন কাটিয়ে আবার ইতিবাচক ধারায় ফিরেছে তেলের বাজার। চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের জ্বালানি তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারা বজায় রেখেছে।
জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। শুক্রবার সকালে এশিয়ার বেশ কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেনে মন্দাভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ারসূচক ‘নিক্কেই ২২৫’ প্রায় ৩ শতাংশের বেশি পতন নিয়ে দিনের লেনদেন শুরু করে।
এদিকে ভূরাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এই হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হামলার পর ওই এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করা হয়নি এবং নিহতদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











