শিল্পকলা একাডেমিতে ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২৫ জুলাই ২০২৬ - ০৮:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। চার দিনব্যাপী এই উৎসব ২৫ জুলাই থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নজরুল চর্চাবিষয়ক সংস্থা 'বাঁশরী' আয়োজিত এ নাট্যোৎসবে কবি নজরুলের কালজয়ী দশটি নাটক প্রদর্শিত হবে। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরো উৎসবটি সাজানো হয়েছে।

​২৫ জুলাই বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহিন। এতে সভাপতিত্ব করবেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. প্রকৌশলী খালেকুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার।

​উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হবে সাজ্জাদ সাজু নির্দেশিত ও বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘বনের মেয়ে পাখি’। রায়নগরের জঙ্গলাকীর্ণ পথে বাঘের আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক শিশুকন্যার হারানো পরিচয় পুনরুদ্ধার এবং অলৌকিক ক্ষমতার গল্প নিয়ে এগিয়ে গেছে এই নাটকের কাহিনী। এতে অভিনয় করেছেন স্বাগতা, কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, জুবায়ের জাহিদ, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, মেহমুদ সিদ্দিকী ও মাঈশা নাওয়ার দ্যুতিসহ অনেকে।

​চার দিনব্যাপী এই নাট্যোৎসবে দেশের বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’, ‘পুতুলের বিয়ে’, ‘বউয়ের বিয়ে’, ‘সকাল বেলার পাখি’, ‘সেতু-বন্ধ’, ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ এবং ‘হারাধনের বিয়ে’ নাটকগুলো মঞ্চায়িত হবে। নাটকের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মূল হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নজরুলের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এতে দেশের শীর্ষস্থানীয় একাধিক সাংস্কৃতিক ও নজরুল চর্চাকেন্দ্রের শিল্পীরা অংশগ্রহণ করবেন। সম্পূর্ণ আয়োজন পরিচালনা করবেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা। আগামী ২৮ জুলাই এই নাট্যোৎসবের পর্দা নামবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0