শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার প্রথম একক কনসার্ট ও বিশেষ সম্মাননা প্রদান

২৫ জুলাই ২০২৬ - ০০:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার প্রথম একক কনসার্ট ও বিশেষ সম্মাননা প্রদান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক কনসার্টে পরিবেশনা করলেন উপমহাদেশীয় সংগীতের কিংবদন্তি রুনা লায়লা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

​সন্ধ্যা ৭টায় মঞ্চে উপস্থিত হলে দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে এই গুণী শিল্পীকে অভ্যর্থনা জানান। সংগীত পরিবেশনার শুরুতে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গানটি পরিবেশন করেন। পরবর্তীতে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ এবং ‘যখন থামবে কোলাহল’সহ নিজস্ব জনপ্রিয় ১০টি দেশাত্মবোধক, আধুনিক ও চলচ্চিত্রের গান পরিবেশন করেন তিনি। দেড় ঘণ্টার এই পরিবেশনায় উপস্থিত দর্শকরা আবেগঘন মুহূর্ত উপভোগ করেন।

​সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রুনা লায়লা জানান, দীর্ঘ সংগীতযাত্রায় সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শিল্পকলা একাডেমিতে এর আগে বিভিন্ন অনুষ্ঠানে গাইলেও একক কনসার্ট হিসেবে এটিই তার প্রথম অভিজ্ঞতা বলে তিনি উল্লেখ করেন।

​শিল্পকলা একাডেমি সূত্রে জানানো হয়েছে, উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কনসার্ট থেকে টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থ বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। এর আগে একাডেমির উদ্যোগে বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়েও একই ধরনের একক কনসার্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0