মুক্তি পাওয়ার আগেই রেকর্ডের বন্যা: বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিটে বাজিমাত

২২ জুলাই ২০২৬ - ১১:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুক্তি পাওয়ার আগেই রেকর্ডের বন্যা: বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিটে বাজিমাত
থালাপতি বিজয়েরর জন নয়াগন সিনেমা। ছবি : সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির দিন গণনা শুরু হয়ে গেছে। বিজয়ের বহু প্রতীক্ষিত ও বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’ আগামী ২৩ জুলাই বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রাজনীতিতে পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়ার আগে অভিনয় জীবনে এটাই বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। আর সে কারণেই সিনেমাটিকে কেন্দ্র করে অনুরাগী ও সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা এখন চরমে।

​ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রাথমিক গতি কিছুটা শ্লথ থাকলেও সময়ের ব্যবধানে তা তীব্র গতি ধারণ করেছে।

​চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের হিসাবমতে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল নাগাদ শুধু প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটির ঝুলিতে জমা পড়েছে ১৫ কোটি ৯ লাখ রুপিরও বেশি। আয়ের সিংহভাগ এসেছে সিনেমাটির তামিল সংস্করণ থেকে।

​রাজ্যভিত্তিক বুকিংয়ের পরিসংখ্যানে শীর্ষ স্থান দখল করে আছে তামিলনাড়ু, যেখান থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এ ছাড়া কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

​অগ্রিম বিক্রির এই অভূতপূর্ব জোয়ার বিজয়ের পূর্ববর্তী দুটি সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডকে ছোঁয়া ছুঁই পর্যায়ে নিয়ে গেছে।

​চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগমুহূর্তে টিকিটের চাহিদা আরও ব্যাপক রূপ নেবে। ধারণা করা হচ্ছে, প্রথম দিনেই ভারতে সিনেমাটির আয় ৫০ থেকে ৬০ কোটি রুপি স্পর্শ করতে পারে। আন্তর্জাতিক বাজারের সাড়া যুক্ত হলে প্রথম দিনে তামিল চলচ্চিত্রের ইতিহাসে এটি সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন নজির গড়তে পারে বলে মনে করা হচ্ছে।

​এইচ. ভিনোথ পরিচালিত রাজনৈতিক থ্রিলার ঘরানার ‘জন নয়াগণ’ সিনেমায় বিজয়ের সঙ্গে মুখ্য ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে এবং ববি দেওল। আগামী ২৩ জুলাই বিশ্বজুড়ে এটি মুক্তি পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0