মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার অংশ নিচ্ছে পাকিস্তান: মুকুট জিতলেন আনিকা মেরাজ
সাত দশকেরও বেশি সময় পর বিশ্বমঞ্চে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মতো বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড'-এ অংশ নিতে যাচ্ছে দেশটি। আসন্ন ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী সুন্দরী আনিকা মেরাজ। সম্প্রতি তিনি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব নিজের নামে করেছেন।
গত বৃহস্পতিবার লাহোরের ঐতিহাসিক ফালেট্টিস হোটেলে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনিকাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।
মেধাবী আনিকা মেরাজ পড়াশোনায় বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ইতিমধ্যে ব্যবসা ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড-এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আনিকা জানান, ভবিষ্যতে একজন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে অবদান রাখতে চান।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আনিকার পথচলা এটাই প্রথম নয়। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনালের মতো নামী প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত 'ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় তিনি চারটি ভিন্ন শিরোপা জয়ের গৌরব অর্জন করেন।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, এবারের আসরে বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











