শিল্পকলায় আগামী শুক্রবার মঞ্চস্থ হচ্ছে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’

১৪ জুলাই ২০২৬ - ২৩:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিল্পকলায় আগামী শুক্রবার মঞ্চস্থ হচ্ছে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’
ছবি : সংগৃহীত

রাজধানীর মঞ্চনাটকের দল ‘ঢাকা পদাতিক’-এর জনপ্রিয় ও বহুল আলোচিত প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’ আবার মঞ্চে আসছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৪৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচারকার্য ও ফাঁসির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নাটকটি প্রযোজনা করেছে ঢাকা পদাতিক, যা দলটির ৩৮তম উপস্থাপনা।

​ঐতিহাসিক এই নাটকটির রচনা ও আদি নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন মাসুম আজিজ। তাঁর প্রয়াণের পর বর্তমান নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। তিনি মূল নাটকের ভাব অপরিবর্তিত রেখে সময়োপযোগী কিছু অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যুক্ত করেছেন।

​ইতিহাসভিত্তিক শক্তিশালী সংলাপ ও অনন্য নির্মাণশৈলীর কারণে নাটকটি নাট্যপ্রেমীদের মাঝে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। দেশের বাইরে ভারতের দিল্লিতেও এই নাটকের দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যা সেখানে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

​নাটকটির নবনির্দেশনা ও মূল চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, “মাস্টারদা সূর্যসেনের জীবনের এই ঐতিহাসিক অধ্যায় বর্তমান প্রজন্মের জানা ভীষণ জরুরি। মাসুম আজিজ ভাইয়ের তৈরি করা এই অনন্য সৃষ্টির সঙ্গে যুক্ত থেকে এবং সূর্যসেন চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। সময়ের প্রয়োজনে কিছু অলংকরণ করে নাটকটিকে নতুনভাবে সাজানো হয়েছে।”

​বিশাল ক্যানভাসের এই নাটকে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। যার মধ্যে সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন ও নেত্র সেনের মতো ঐতিহাসিক চরিত্রগুলো অন্যতম। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ প্রমুখ। নাটকটির আলোক সজ্জায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীতে আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন শ্যামল হাসান। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0