আমি মরে গেলেও গানগুলো বেঁচে থাকুক’ সংগীতে ফেরার আশা দেখছেন না রিংকু
চারবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জীবনযাত্রা আমূল বদলে গেছে ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর। ২০২০ সাল থেকে শারীরিক জটিলতার কারণে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার পর তিনি নিজ গ্রামের বাড়িতেই নিরিবিলি জীবন কাটাচ্ছেন।
বর্তমান শারীরিক অবস্থার কারণে সংগীতাঙ্গনে আর নিয়মিতভাবে ফেরা সম্ভব নয় বলেই মনে করছেন এই শিল্পী। তবে তার সবচেয়ে বড় প্রত্যাশা, তার গাওয়া ও সৃষ্টি করা গানগুলো যেন মানুষের মাঝে বেঁচে থাকে।
সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের বর্তমান জীবন, সংগীত ক্যারিয়ার এবং নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিংকু।
সংগীতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “পুরোপুরি গানে ফেরার ইচ্ছা আমার নেই। ইচ্ছা থাকলেও বাস্তবতা ভিন্ন। চারবার স্ট্রোক হয়েছে, এর মধ্যে এক-দুবারের খবর অনেকেই জানতেন না। এতবার স্ট্রোক হওয়ার পর বুঝেছি, আগের মতো ফিরে আসার আশা আর নেই। সত্যিটা মেনে নিতেই হবে।”
তিনি আরও বলেন, “আমি যেভাবে সংগীতে ফিরতে চাই, সেভাবে আর সম্ভব নয়। পরিপূর্ণভাবে ফিরতে না পারলে ফিরে আসারও প্রয়োজন দেখি না। আমি না থাকলেও আমার গানগুলো থাকবে। আমার একটাই অনুরোধ, গানগুলো যেন হারিয়ে না যায়, নষ্ট না হয়।”
আলাপচারিতায় শহুরে মানুষের সম্পর্ক নিয়েও আক্ষেপ প্রকাশ করেন রিংকু। তার ভাষায়, “শহরের মানুষের ভালোবাসা অনেক সময় কাজের সঙ্গে সম্পর্কিত। কিন্তু গ্রামের মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ও আন্তরিক। তারাই এখন আমার সবচেয়ে কাছের মানুষ। কাজ থাকলে মানুষ খোঁজ নেয়, কাজ ফুরিয়ে গেলে অনেকেই ভুলে যায়। একসময় যাদের বন্ধু ভাবতাম, তাদের অনেকেই এখন আর খোঁজ রাখে না। তবে আমি কারও সহানুভূতি চাই না।”
রিংকু জানান, বর্তমানে গ্রামের সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসাই তাকে বেঁচে থাকার শক্তি জোগায়। জীবনের কঠিন সময়ে তাদের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন প্রকৃত বন্ধুত্ব, আন্তরিকতা এবং নতুন করে এগিয়ে চলার প্রেরণা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)