প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: দেশের সব মাদ্রাসায় ৪টি করে দল গঠনের নির্দেশ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জমকালো ও সফলভাবে আয়োজনের উদ্দেশ্যে দেশের প্রতিটি মাদ্রাসা কর্তৃপক্ষকে চারটি করে ফুটবল দল তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে আন্তঃশ্রেণি ফুটবল খেলার আয়োজন, নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠনের বিস্তারিত তথ্য বোর্ডে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। শুভ উদ্বোধনের একই দিন ও একই সময়ে দেশের সব অঞ্চলে একযোগে খেলার সূচনা হবে। এ কারণে মাঠপর্যায়ে দ্রুততম সময়ে দল গঠন ও শিক্ষার্থীদের প্রস্তুতি জোরদার করতে জোর তাগিদ দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুসারে, প্রতিটি মাদ্রাসায় শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মোট চারটি দল গঠন করতে হবে। এর মধ্যে দাখিল পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম পর্যায়ে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) একটি ছাত্র ও একটি ছাত্রী দল থাকবে।
দলগুলোর মানোন্নয়নে অভিজ্ঞ শিক্ষক বা কোচের অধীনে নিয়মিত অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে। খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনস্তত্ত্ব বিকাশে প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ৩০ জুলাইয়ের মধ্যে গঠিত দলগুলোর যাবতীয় তথ্য বোর্ডের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠাতে হবে। এ ছাড়া টুর্নামেন্টটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











