কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ২০:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের আরশীনগর এলাকার ‘রাজ’ নামের একটি সেলুনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ ভোলা জেলার দৌলতখান উপজেলার নুরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশীনগরের মেম্বার গলি এলাকায় বসবাস করতেন।

​সেলুনে ঢুকে সশস্ত্র হামলা

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। মঙ্গলবার দুপুরে তিনি বাসার অদূরে আরশীনগর এলাকার একটি সেলুনে চুল কাটতে যান। এ সময় সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ওই সেলুনে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে তাকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

​চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ

হাসপাতালে নিহতের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আক্তার হোসেন জানান, মহিরগোলা এলাকায় মাছের ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং ‘অ্যালেক্স গ্রুপ’-এর সদস্য আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ বেশ কয়েকজন ফরহাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।

​তারা ব্যবসা করার বিনিময়ে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদা দেওয়ার জন্য তাকে চাপ দেয়। তবে ফরহাদ চাঁদা দিতে অস্বীকার করায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ওই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0