কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় আনার পথে আশুলিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ দুজন গ্রেপ্তার
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে সংগ্রহ করা ৪২ কেজি গাঁজার একটি বড় চালান চুয়াডাঙ্গায় পৌঁছানোর আগেই আশুলিয়া এলাকায় জব্দ
করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার এবং চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাভারের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মাসুম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ।
গোয়েন্দা পুলিশের তথ্য মতে, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে পূর্বের একটি ছিনতাই মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগৃহিত মাদক তারা বিক্রির জন্য চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন।
জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










