আইন সংস্কার কমিশনের প্রস্তাব জুলাই সনদের আলোকেই বাস্তবায়িত হবে: আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আইন সংস্কার কমিশনের দেওয়া বিভিন্ন প্রস্তাবনা জুলাই সনদের মূল ভাবনার আলোকেই বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আইন সংস্কারের প্রস্তাবনার ওপর ভিত্তি করে ১৩৩টি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সরকার সেগুলোর প্রায় সবগুলোই গ্রহণ করেছে। তিনি আরও জানান, অবশিষ্ট বিষয়ের জন্য সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যা জুলাই সনদের আলোকে পরবর্তী প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাবে।
প্রাসঙ্গিক সংবাদ
হবিগঞ্জে এনসিপির মামলার বিষয়ে কথা বলতে গিয়ে আসাদুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই মামলা করার সুযোগ তৈরি হয়েছে। আদালত কিংবা পুলিশ নিয়ন্ত্রণ করা হলে এই সুযোগ থাকত না। ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং তা আইনি প্রক্রিয়া অনুসারেই সঠিকভাবে তদন্ত করা হবে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আইনগতভাবে যা যা করা সম্ভব, তা নিশ্চিত করা হয়েছে। তিনি নিজেই দেশে ফিরবেন বলে জানা গেছে, যা ইতিবাচক। তিনি দেশে ফিরে আইনের কাছে নিজেকে সোপর্দ করলে আইনি নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করা হবে। এক্ষেত্রে আইনের কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হবে না বলে তিনি স্পষ্ট করেন।
পারিবারিক সম্পত্তি বন্টন ও বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষা নিয়ে আইনমন্ত্রী জানান, পাকিস্তান ও ভারতের সুপ্রিম কোর্টের পাশাপাশি আমাদের দেশেও এমন কিছু আইনি নজির আছে—যেখানে দেখা যায় বাবা-মা সন্তানকে সব সম্পত্তি দান করে দিয়ে শেষ বয়সে এসে অসহায় হয়ে পড়েন। জীবনপ্রাহ্ণে প্রবীণরা যাতে এমন অনিশ্চয়তা বা অসহায়ত্বের মুখে না পড়েন, তা রক্ষায় সরকার আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











