জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি ও আফটারশকের সতর্কতা

২৮ জুলাই ২০২৬ - ১৬:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি ও আফটারশকের সতর্কতা
জাপানের কুমামোতোতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ছবি :আনাদোলু এজেন্সি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূকম্পনের প্রভাবে ওই এলাকার বহু ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, স্থগিত করা হয়েছে বুলেট ট্রেনসহ অন্যান্য সেবা এবং উপকূলীয় এলাকায় সুনামি ও আফটারশকের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।

​জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূকম্পন অনুভূত হওয়ার পরপরই পরিস্থিতি বিবেচনায় কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইটা ও মিয়াজাকি—এই সাতটি প্রশাসনিক অঞ্চলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ১ মিটার (প্রায় ৩.২৮ ফুট) পর্যন্ত উচ্চতার ক্ষতিকর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় জারি করা হয় সুনামি সতর্কতা।

​বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ব্যাহত যোগাযোগব্যবস্থা

​স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূকম্পনের তীব্রতায় অঞ্চলটির প্রায় ৪০,০০০ পরিবার ও প্রতিষ্ঠান মুহূর্তে বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্যদিকে পরিবহন নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে চলাচলকারী উচ্চগতির শিনকানসেন বুলেট ট্রেন এবং আঞ্চলিক রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে পরিচালনাকারী সংস্থা জেআর কিউশু।

​কারখানায় চোখ সনি ও টিএসএমসির

​কুমামোতো ও এর আশেপাশের এলাকায় প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সনি এবং বিশ্বের বৃহত্তম প্রযুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক কোম্পানি টিএসএমসির বড় কারখানা রয়েছে। ভূকম্পনের পরপরই এক বিজ্ঞপ্তিতে সনির মুখপাত্র জানান, তারা তাদের কারখানার সার্বিক ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যে রাজি হয়নি চিপ উৎপাদক টিএসএমসি।

​উল্লেখ্য, ঠিক ১০ বছর আগে এই একই কুমামোতো অঞ্চলে আঘাত হানা এক স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৭৫ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হন ২,৭৩৯ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0