গোলাবারুদের ঘাটতির খবর প্রত্যাখ্যান করে মার্কিন সামরিক শক্তির নতুন হুঙ্কার ট্রাম্পের
মার্কিন সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টর বা গোলাবারুদের কোনো সংকট নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কাছে পর্যাপ্ত সামরিক সরবরাহ ও গোলাবারুদের মজুদ রয়েছে বলে তিনি জোর দাবি করেন।
সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে পৃথিবীর যেকোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক অভিযানের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে সম্প্রতি কিছু প্রতিরক্ষা কর্মকর্তা ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহতের ঘটনার পর যৌথ বাহিনীর প্রধান ড্যান কেইন এবং সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনীর নিরাপত্তা ও সামরিক পদক্ষেপের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে এসব উদ্বেগের মধ্যেই নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ছবি পোস্ট করে মার্কিন সামরিক আধিপত্য তুলে ধরেন ট্রাম্প। একটি ছবিতে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দেখা যায়, যার পেছনে ট্রাম্পের একটি সুবিশাল প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং শিরোনাম দেওয়া হয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’।
অন্যদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্কের দাবি, সংঘাত শুরুর পর থেকে আমেরিকা ইতোমধ্যে প্রায় ১,৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং তাদের বর্তমান মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে।
তবে সামরিক সক্ষমতা নিয়ে পেন্টাগন ও হোয়াইট হাউস প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই কথা বলেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো সামরিক অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য মার্কিন বাহিনীর কাছে প্রয়োজনীয় সব ধরণের সরঞ্জাম ও সক্ষমতা বিদ্যমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











