কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
কাস্পিয়ান সাগরে নিজস্ব একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সাফ জানিয়েছেন, এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং কোনো আঘাতই প্রতিক্রিয়া ছাড়া ছেড়ে দেবে না তেহরান।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আজিজি এই প্রতিক্রিয়া জানান। এর আগে কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে চালানো ওই হামলায় একজন নাবিক প্রাণ হারান এবং অপর একজন আহত হন। হামলার জন্য কিয়েভকে দায়ী করে আজিজি উল্লেখ করেন, যেকোনো ধরনের হুমকি বা আক্রমণ মোকাবেলায় তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। ইউক্রেন খুব দ্রুতই টের পাবে যে ইরান কোনো পদক্ষেপ না নিয়ে বসে থাকে না বলে মন্তব্য করেন তিনি।
একই ঘটনার প্রেক্ষিতে রোববার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। এক্স পোস্টে তিনি সরাসরি অভিযোগ তোলেন যে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রত্যক্ষ নির্দেশেই ইরানি জাহাজে এই আঘাত হানা হয়েছে। তবে এই দাবির সমর্থনে কোনো দাপ্তরিক প্রমাণ তিনি উপস্থাপন করেননি। আরাগচির মতে, ইউরোপীয় দেশগুলোকে চলমান যুদ্ধে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের আহ্বানে জাতিসংঘের সনদ লঙ্ঘন করে হামলাটি চালানো হয়েছে। বিষয়টি নিয়ে ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপেও জবাব দেওয়ার বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকারি বার্তা সংস্থা 'ইরনা' জানায়, ইউরেশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোরাদি ইউক্রেনীয় কূটনীতিকের কাছে তেহরানের তীব্র ক্ষোভ তুলে ধরেন। এই হামলাকে 'শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক' আখ্যা দিয়ে কাস্পিয়ান অঞ্চলের নিরাপত্তার জন্য একে বড় হুমকি হিসেবে অভিহিত করেন তিনি।
অন্যদিতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক এক্স বার্তায় নিশ্চিত করেছেন যে, তার দেশ রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়েছে—যার মধ্যে কাস্পিয়ান সাগর অঞ্চলের লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত ছিল। তবে কোনো ইরানি বাণিজ্যিক জাহাজে আঘাতের বিষয়ে তিনি সরাসরি কিছু উল্লেখ করেননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











