বার্লিনে প্রাইড উদযাপনে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

২৭ জুলাই ২০২৬ - ১০:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বার্লিনে প্রাইড উদযাপনে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জার্মান সংবাদমাধ্যম আরবিবি-র তথ্যানুসারে, নিহত সন্দেহভাজনের নাম আব্দুল বাল্লুত (২১)।

​প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতের এ ঘটনার পর থেকে দেশজুড়ে ওই যুবকের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে বার্লিনের স্পানডাউ এলাকার একটি অ্যালটমেন্ট গার্ডেন কমপ্লেক্সে পুলিশের অভিযানকালে তিনি নিহত হন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বার্লিন পুলিশ প্রশাসন।

​এর আগে শনিবার সন্ধ্যায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় প্রাইড র‍্যালির উদ্দেশ্যে জড়ো হওয়া জনতার ওপর একটি গাড়ি তুলে দেওয়া হয়। এতে ১ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হন।

​ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ সমাবেশ ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে বার্লিনে লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। মর্মান্তিক এই ঘটনার পর পুরো উৎসব চত্বরে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​উল্লেখ্য, ১৯৬৯ সালে নিউ ইয়র্কে সংঘটিত ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭৯ সাল থেকে বার্লিনে প্রতি বছর বৈষম্যবিরোধী প্রাইড প্যারেড উদযাপিত হয়ে আসছে। এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির লাইপজিগ, ম্যানহাইম এবং ম্যাগডেবার্গের বিভিন্ন জনসমাগম ও ক্রিসমাস মার্কেটে একই ধরনের গাড়ি হামলার ঘটনা ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0