যুক্তরাষ্ট্রের সিয়াটল সেন্টারে বন্দুকধারীর হামলা, নিহত ২ ও শিশুসহ আহত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ঐতিহ্যবাহী স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের নিকটবর্তী এলাকায় বন্দুকধারীদের গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় রোববার সিয়াটল সেন্টার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সিয়াটল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসাসেবার আওতায় নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই বছর বয়সী শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে চিকিৎসাধীন ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না গিয়ে প্রাথমিক চিকিৎসাতেই স্বস্তি প্রকাশ করেছেন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে সিয়াটল পুলিশ জানায়, হামলার সময় ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী উপস্থিত ছিল বলে প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না—সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গোলাগুলির সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে অত্যন্ত জনপ্রিয় একটি বার্ষিক খাদ্য উৎসব চলছিল। সপ্তাহান্তের এই উৎসবে শতাধিক খাবারের স্টল, নানা রঙের সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীত আয়োজনে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছিল। আকস্মিক এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











