নিট প্রশ্নফাঁস: বিক্ষোভের মুখেও পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২৫ জুলাই ২০২৬ - ০১:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিট প্রশ্নফাঁস: বিক্ষোভের মুখেও পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধান। ছবি:সংগৃহীত

ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলেও দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিক্ষোভ সত্ত্বেও ৫৭ বছর বয়সী এই মন্ত্রীর সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

​অন্যদেক প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন এই বিক্ষোভকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আন্দোলন থেকে সরবেন না। গত সোমবার আন্দোলনকারীরা সংসদ ভবনের অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের এই পদক্ষেপের পর বিক্ষোভ আরও তীব্র রূপ নেয়, যা পরবর্তীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন লাভ করে।

​সরকারি সূত্রের তথ্যমতে, এনটিএ-এর (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রশ্নফাঁস চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

​বিতর্কের মধ্যেই ওড়িশার এই প্রবীণ রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) সক্রিয় রয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা পুনরায় পোস্ট করেন তিনি, যেখানে প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। এছাড়া বিক্ষোভের মুখেও ২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

​এর আগে গত ২৩ জুন এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভকারীদের সমালোচনা করে সিজেপি-কে 'বিঘ্ন সৃষ্টিকারী শক্তির বি-টিম' হিসেবে আখ্যা দেন। তিনি মন্তব্য করেন, রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত শক্তিগুলো ছদ্মবেশে শিক্ষাব্যবস্থায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে।

​উল্লেখ্য, ভারতে ডাক্তারি পড়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এ প্রায় ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেন। মে মাসে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি বাতিল করা হয় এবং পরবর্তীতে ২১ জুন নতুন করে পরীক্ষা গ্রহণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0