ফ্রান্সে ভয়াবহ দাবানল: ১২ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে, পুড়েছে হাজার হাজার হেক্টর বনভূমি

০৭ জুলাই ২০২৬ - ১৭:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফ্রান্সে ভয়াবহ দাবানল: ১২ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে, পুড়েছে হাজার হাজার হেক্টর বনভূমি
ছবি সংগৃহিত

ইউরোপের দেশ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পিরেনে-ওরিয়েন্টাল এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এখন পর্যন্ত অন্তত ১২ হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ দমকলকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। তবে তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে।

​স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) পিরেনে-ওরিয়েন্টাল অঞ্চলের ত্রেভিলাক কমিউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়। এই অঞ্চলের প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর বনাঞ্চল ইতোমধ্যে আগুনে ভস্মীভূত হয়েছে।

​পিরেনে-ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলজিওইনো গণমাধ্যমকে জানিয়েছেন, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তবে সোমবারের মতো মঙ্গলবারও আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকায় এই সময়ের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

​ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের তিনটি বিভাগে দাবানলের ঝুঁকি ‘অত্যন্ত বেশি’ এবং আরও ৬১টি বিভাগে ‘উচ্চ’ ঝুঁকিপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচণ্ড গরমের কারণে দেশের ৬১টি বিভাগে ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এমনকি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহ বজায় থাকতে পারে।

​এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু সোমবার জাতীয় পরিষদে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানান, চলতি মৌসুমে দেশে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে তাপপ্রবাহ ও দাবানলের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে উল্লেখ করে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0