আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়, টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড
বিশ্বকাপ ফুটবল শিরোপা পুনরুদ্ধারের রাতে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন এক নজির স্থাপন করেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক বিশ্বরেকর্ড গড়েছে লা রোহারা।
এর আগে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার একক রেকর্ডটি ছিল ইতালির। আজ্জুরিরা ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই কীর্তি গড়েছিল, যার মধ্যে ইউরো ২০২০-এর শিরোপা জয়ও অন্তর্ভুক্ত ছিল। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ডে ভাগ বসায় স্প্যানিশরা। পরবর্তীতে ফাইনালে জয় তুলে নিয়ে এককভাবে নতুন রেকর্ডের শিখরে পৌঁছায় দলটি।
বিশ্বকাপের এবারের আসরে রক্ষণভাগেও অনন্য নৈপুণ্য দেখিয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে এবং সাতটি ম্যাচে ক্লিন শিট রেখে শিরোপা জয়ের এক নতুন নজির স্থাপন করেছে তারা।
দীর্ঘ সময় অপরাজিত থাকার অভিজ্ঞতা স্পেনের জন্য প্রথম নয়। এর আগে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থেকে তারা ইউরো ২০০৮-এর শিরোপা জয় করেছিল।
স্পেন দলের বর্তমান অপরাজিত যাত্রার সূচনা হয় ২০২৪ সালে কলম্বিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে পরাজয়ের পর। এরপর থেকে নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ে আর কোনো ম্যাচে হারের মুখ দেখেনি লা রোহারা। মাঝপথে নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হলেও ফিফার অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী টাইব্রেকারের ফলাফলকে 'ড্র' হিসেবে গণ্য করা হয়। ফলে অপরাজিত থাকার এই ধারায় কোনো ছেদ পড়েনি।
টানা ৩৮ ম্যাচের এই ঐতিহাসিক যাত্রায় রয়েছে স্পেনের ইউরো ২০২৪-এর রাজত্ব এবং সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের অবিস্মরণীয় ট্রফি জয়ের গল্প।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











