আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই ২০২৬ - ০৪:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ছবি : সংগৃহীত

আক্রমণ ও বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখালেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি স্পেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে অতিরিক্ত সময়ের উত্তেজনাকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা। ২০১০ সালে প্রথম শিরোপা জেতার দীর্ঘ ১৬ বছর পর এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়।

​ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে নিয়ে চাপ সৃষ্টি করে স্পেন। ম্যাচের মাত্র ৫ মিনিটে ইয়ামাল ও ওলমোর জুটিতে গোলের একটি দারুণ সুযোগ তৈরি হয়। তবে লিসান্দ্রো মার্তিনেস ও এমিলিয়ানো মার্তিনেসের যৌথ প্রচেষ্টায় সে যাত্রা রক্ষা পায় আর্জেন্টিনা। প্রথমার্ধে স্পেনের একের পর এক আক্রমণের বিপরীতে কার্যত নিষ্প্রভ ছিল আর্জেন্টিনার আক্রমণভাগ। প্রথমার্ধে স্প্যানিশদের ৬৫ শতাংশ বল পজেশন এবং ৩১৩টি নিখুঁত পাসের বিপরীতে আর্জেন্টিনার বল পজেশন ছিল ৩৫ শতাংশ ও পাস ছিল ১৫৫টি।

​ম্যাচের ৪১ মিনিটে ফাউল করে ফাইনালের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস। ইনজুরি সমস্যার কারণে এর দুই মিনিট পরেই মাঠ ছেড়ে যান তিনি, স্থলাভিষিক্ত হন নিকোলাস ওতামেন্দি। প্রথমার্ধের শেষদিকে স্পেনের কুকুরেয়ার একটি জোরালো প্রচেষ্টা পোস্টের সামান্য বাহির দিয়ে চলে যায়।

​দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে স্প্যানিশরা। বেশ কয়েকটি জোরালো আক্রমণ চালালেও তা আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বেপরোয়া ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ডের পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস।

​অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে নিকো উইলিয়ামস বল জালে পাঠালেও ফাউলের কারণে তা বাতিল ঘোষণা করেন রেফারি। তবে ১০৬ মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে সক্ষম হয় স্পেন। নিকো উইলিয়ামসের দারুণ বাড়িয়ে দেওয়া বল ধরে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। ম্যাচের বাকি সময়ে সমতা ফেরাতে আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ চালালেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0