বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে মেটলাইফে মেসির সামনে যে তিন কঠিন সমীকরণ

১৯ জুলাই ২০২৬ - ২৩:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে মেটলাইফে মেসির সামনে যে তিন কঠিন সমীকরণ
মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি ও ব্যক্তিগত অর্জন নিজের শোকেসে জমা করেছেন লিওনেল মেসি। তবে এখনো একটি অপূর্ণতা রয়ে গেছে আর্জেন্টাইন এই মহাতারকার। বিশ্বকাপ ট্রফি এবং গোল্ডেন বলের স্বাদ পেলেও বিশ্বমঞ্চের এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ এখনো ছোঁয়া হয়নি তাঁর।

​চলতি বিশ্বকাপে মেসির সেই আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ তৈরি হয়েছিল। তবে আসরজুড়ে দারুণ ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়কের সামনে মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এর মাধ্যমে মেসিকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে চলে গেছেন তিনি। বর্তমানে ফরাসি অধিনায়কের গোল সংখ্যা ১০টি। অন্যদিকে স্পেনের বিপক্ষে ফাইনালের মহাযুদ্ধে নামার আগে মেসির গোল সংখ্যা ৮টি।

​বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল করে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মেসির সামনে। তবে কাজটা মোটেও সহজ হবে না।

​ফাইনালে মেসি দুটি গোল করে এমবাপ্পের সমান ১০ গোল করলেও পুরস্কারটি পাবেন না। কারণ গোল সংখ্যা সমান হলে প্রথমে দেখা হবে অ্যাসিস্ট বা গোল করানোর সংখ্যা। বর্তমানে দুজনেরই অ্যাসিস্ট সমান ৪টি করে। গোল ও অ্যাসিস্ট সমান হলে পরবর্তী বিবেচনায় আসে কে মাঠে কম সময় খেলেছেন। এই হিসেবেও সুবিধাজনক অবস্থানে আছেন ফরাসি তারকা। এমবাপ্পে চলতি আসরে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসি খেলেছেন ৭১২ মিনিট। স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি মাঠে ৫৮ মিনিট পার করলেই এমবাপ্পের চেয়ে তাঁর খেলার সময় বেশি হয়ে যাবে। আর নিয়ম অনুযায়ী সমান গোল-অ্যাসিস্টের ক্ষেত্রে কম সময় খেলা ফুটবলারই গোল্ডেন বুট জেতেন।

​এমন পরিস্থিতিতে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে মূলত তিনটি সমীকরণ রয়েছে। প্রথমত, ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করা, যার ফলে তাঁর গোল হবে ১১টি। দ্বিতীয়ত, ম্যাচে দুটি গোল করার পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করা, যাতে অ্যাসিস্টের সংখ্যায় (৫টি) তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে যান। তৃতীয়ত, ম্যাচের প্রথম ৫৭ মিনিটের মধ্যে দুটি গোল করে মাঠ থেকে উঠে যাওয়া; এতে গোল ও অ্যাসিস্ট সমান থাকলেও এমবাপ্পের চেয়ে কম সময় মাঠে থাকার কারণে গোল্ডেন বুট পাবেন মেসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0