জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

১৭ জুলাই ২০২৬ - ২০:৪৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট টিম। ছবি : সংগৃহীত

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়েকে ৩৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে জিম্বাবুয়ে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানেই থমকে যায়।

​এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম শুরু থেকেই দারুণ পারফরম্যান্স উপহার দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে দল। দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করেন তারা। সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করে বিদায় নেওয়ার পর তানজিদ তামিমও ৪৪ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

​ওপেনারদের বিদায়ের পর দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১২০ থেকে ১৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে দল। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান, পারভেজ হোসেন ইমন ২ বলে ১ রান এবং নুরুল হাসান সোহান ২ বলে ৪ রান করে আউট হন। তবে শেষ দিকে দলের হাল ধরেন ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের শেষ ওভারে ৪টি ছক্কা মেরে সাইফউদ্দিন ১০ বলে ৩১ রান এবং ইয়াসির ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স ২টি করে এবং সিকান্দার রাজা ১টি উইকেট নেন।

​১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৫ রান তোলে জিম্বাবুয়ে। তবে শেখ মেহেদী হাসান প্রথম ওভারের শেষ বলে তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে ব্রেকথ্রু এনে দেন। পরের ওভারে নাহিদ রানা তুলে নেন ব্রায়ান বেনেটের (১১) উইকেট। পাওয়ারপ্লের ভেতরেই ডিয়ন মেয়ার্সকে (৪) ফিরিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন শেখ মেহেদী। দলীয় অধিনায়ক সিকান্দার রাজা ১২ বলে ২৮ রান এবং মিল্টন শুম্বা ২০ বলে ১৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। রায়ান বার্ল ১৯ বলে ২৯ রানের একটি ইনিংস খেলে রিশাদ হোসেনের শিকার হন। শেষ দিকে জিম্বাবুয়ের ব্যাটাররা আর দাঁড়াতে পারেনি। রিশাদ হোসেনের শেষ আঘাতে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

​বাংলাদেশের পক্ষে লেগ-স্পিনার রিশাদ হোসেন ৪টি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসান ৩টি এবং নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান ১টি করে উইকেট লাভ করেন। আগামী ১৯ জুলাই একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0