লঙ্কান প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ড: সাকিবের দল জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

১৭ জুলাই ২০২৬ - ১৫:২৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লঙ্কান প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ড: সাকিবের দল জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার
এলপিএল ক্রিকেটে ফিক্সিয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক আটক। ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে দলটির সহ-মালিক ভারতীয় উদ্যোক্তা মনজ্যোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তদন্ত কর্মকর্তা সুপুন বিদানাগে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত কালরাকে দ্রুতই আদালতে তোলা হবে। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজিটিতে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

​পুলিশ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুম শুরুর আগে জাফনা কিংসের মালিকানা লাভ করে ‘স্পোর্টস কমিউন’ নামের একটি ক্রীড়া ব্যবসাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন ভারতের মনজোত কালরা ও ময়াঙ্ক গোয়েল। এর মধ্যে মনজোত কালরা ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে অপরাজিত সেঞ্চুরি করে শিরোপা জিতিয়েছিলেন। ক্রিকেট ছাড়ার পর তিনি ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হন। অন্যদিকে তার ব্যবসায়িক অংশীদার ময়াঙ্ক গোয়েল মূলত সফটসিকিউর ইনফোটেক ও শ্রী ধ্যান ইন্স্যুরেন্স ব্রোকার্সের প্রতিষ্ঠাতা।

​শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক সুপুন বিদানাগে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কলম্বোর একটি হোটেল থেকে মনজোত কালরাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি লঙ্কান মুদ্রায় ৯৫ লাখ রুপি (প্রায় ২৮ হাজার ৭০০ মার্কিন ডলার) একজন খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে নাম প্রকাশ না করা ওই ক্রিকেটার প্রায় ১০ দিন আগে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরপরই পুলিশকে বিষয়টি অবহিত করেন। তার তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

​শ্রীলঙ্কায় ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন রয়েছে। ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’ অনুযায়ী যেকোনো ধরনের ম্যাচ বা স্পট ফিক্সিং এবং খেলাধুলার ফলাফল প্রভাবিত করার চেষ্টা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এই আইনে অপরাধ প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানাসহ দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।

​এদিকে আজ শুক্রবার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে এলপিএলের ষষ্ঠ আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে ড্রোন শো ও সঙ্গীত পরিবেশনার পর রাত পৌনে ৮টায় মাঠে গড়াবে মৌসুমের প্রথম ম্যাচ। আগামী ৮ আগস্ট পর্যন্ত পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0