মাঠে নামার আগেই যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
সাফ টুর্নামেন্টে নিজেদের শেষ চারের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে মাঠে নামার আগেই। আগামীকালের একটি ম্যাচের ফলাফলেই নির্ধারিত হতে পারে বাংলাদেশের সেমিফাইনালের ভাগ্য।
রোববার রাত আটটায় শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ভুটান যদি জয়ী হতে ব্যর্থ হয়, তবে গ্রুপ ‘এ’ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ভুটানের বিপক্ষে জয় পেয়ে টুর্নামেন্টে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কার জন্য সমীকরণ বেশ সহজ—ম্যাচটি জিতলেই তারা পৌঁছে যাবে সেমিফাইনালে।
যদি ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি ড্র হয়, তবুও বাংলাদেশের শেষ চারে যাওয়া নিয়ে কোনো সংশয় থাকবে না। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট হবে মাত্র ১, যা বাংলাদেশের ৩ পয়েন্টের ধারেকাছেও থাকবে না। তবে ড্রয়ের পরও গ্রুপ রানার্সআপ হওয়ার সামান্য সুযোগ থাকবে ভুটানের সামনে। সেক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে এবং গোল ব্যবধানে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ভুটানের।
তাই ভুটানের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের জয়ের বিকল্প নেই। জয় পেলে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট নিয়ে তারা লড়াই টিকিয়ে রাখতে পারবে শেষ ম্যাচ পর্যন্ত।
এদিকে, টুর্নামেন্টের দর্শকদের মাঠে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ। আজকের দিনে অনুষ্ঠিত হতে যাওয়া মালদ্বীপ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











