সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি,ভাঙ্গলেন সাকিবের রেকর্ড
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে বাংলাদেশ দল। শুক্রবার ব্যাকফুটে থেকে খেলা শুরু করার পর শুরুতে দলের ব্যাটাররা দ্রুত আউট হয়ে কিছুটা চাপ তৈরি করলেও, দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ইতিহাস গড়েন এই মিডল অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৪২ রান সংগ্রহ করেন তিনি।
দিনের শুরুটা ২৯ রান নিয়ে করলেও আজ এক দিনে একাই ২১৩ রান যোগ করেছেন হৃদয়, যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের নতুন রেকর্ড। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন হৃদয়।
এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে বেশ কয়েকটি নতুন রেকর্ডও নিজের নামে করেছেন এই তরুণ ব্যাটার। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৮১ রান করার রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। তাকে পেছনে ফেলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই দ্বি-শতকে রূপ দিলেন হৃদয়। এছাড়া বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির গৌরব অর্জন করলেন তিনি। এর আগে মুশফিকুর রহিম তিনটি, এবং সাকিব আল হাসান ও তামিম ইকবাল একটি করে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
সিলেট টেস্টের আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে মাত্র ৫৪ রান সংগ্রহ করায় তার দলে থাকা নিয়ে সমালোচনা হয়েছিল। তবে সব সমালোচনার জবাব দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজেকে নতুনভাবে প্রমাণ করলেন তাওহিদ হৃদয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











