ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে অতীতে যেমনি ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানেও ঠিক তেমনি অপচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একাত্তর, ৭ নভেম্বর এবং চব্বিশের ঐতিহাসিক পটভূমির কথা স্মরণ করে এ ধরনের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার জোরালো আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশাল র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, একাত্তরে অর্জিত মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করে দিয়ে অতীতে জনগণের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সিপাহি-জনতার ঐক্যের প্রতীক ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সেই আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছিল।
শনিবার দুপুর পৌনে ৩টার দিকে নয়াপল্টনে সমবেত লাখো জনতার মাঝে উপস্থিত হন সিপাহি-জনতার অবিসংবাদিত নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নেতৃত্ব ও নির্দেশনায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। এই র্যালিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











