জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সংগঠনটির আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
নির্ধারিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন এলাকা হয়ে ডান দিকে মোড় নেয়। এরপর তা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে দিবসের সূচনা কর্মসূচির অংশ হিসেবে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলটির শীর্ষ নেতারা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতিতে এক বড় ধরনের পটপরিবর্তন ঘটেছিল। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ৭ নভেম্বর সিপাহী ও সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে মুক্ত হন তৎকালীন বন্দী সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এই ঘটনার মধ্য দিয়ে তিনি দেশের ক্ষমতার মূলধারায় আসেন এবং পরবর্তীতে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে নিয়ে যান। দিবসটি উদ্যাপনে নানা রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপি এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











