জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এরপর সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।
এদিকে দিবসটি স্মরণীয় করে রাখতে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে স্বয়ং হে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার রুট সম্পর্কে জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।
প্রধানমন্ত্রী নিজেই এই শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন—এমন খবরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচি সফল করতে বিস্তারিত সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রস্তুতির বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি উপলক্ষে স্মরণীয় এক শোভাযাত্রা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উল্লেখ করেন, কর্মসূচি সফল করতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একাধিক প্রস্তুতি সভা পরিচালনা করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











