সকল অন্যায় ও খুনের বিচার করা হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি জানান, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে দেশের সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং সাতশর বেশি মানুষকে গুম করা হয়েছে। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকার এই দেশের মাটিতে ঘটিত প্রতিটি অন্যায় ও খুনের সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিচারালয়ের শীর্ষ কর্মকর্তারা।
আইনমন্ত্রী বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা আজও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। সেসময়ে ষাটের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক গায়েবি মামলা দায়ের করা হয়েছিল, যাদের মধ্যে অনেকে ঘটনার বহু আগেই মারা গেছেন। দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একটি সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আইনের শাসনের বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে।
আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, দেশের প্রতিটি কোম্পানিতে বাধ্যতামূলক আইনজীবী নিয়োগের জন্য কোম্পানি আইন সংশোধনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে প্রশিক্ষণ বঞ্চিত আইনজীবীদের জন্য এ বছর ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়ে বলেন, বিচারকের বারান্দায় তদবির বা অনৈতিক লেনদেনের পথ পরিহার করে নিজেদের মেধা, প্রজ্ঞা ও সততার সঙ্গে পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে। দেশের বিশ কোটি মানুষের বিপরীতে মাত্র ৮০ হাজার আইনজীবী থাকা সত্ত্বেও এই পেশার মর্যাদা পুনরুদ্ধারে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











