শাহরুখ খানের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর সদ্য প্রকাশিত ‘তু মিল যায়ে’ গানটি নিয়ে সংগীতাঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। গানটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের কালজয়ী সৃষ্টি ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের সুর চুরির গুরুতর অভিযোগ তুলেছেন এক অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হওয়ার পাশাপাশি তিনি গায়িকাকেও ট্যাগ করেন।
ভক্তের এই দাবির পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। তবে এসব বিতর্কের মাঝেও মৌসুমী ভৌমিকের শান্ত ও সুগভীর প্রতিক্রিয়া নেটপাড়ার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। কোনো রকম ক্ষোভ প্রকাশ না করে অত্যন্ত নম্র ও পরিপক্ব ভাষায় তিনি নিজের মতামত জানিয়েছেন।
ওই অনুরাগী ও শ্রোতাদের উদ্দেশ্যে মৌসুমী ভৌমিক লেখেন, শ্রোতার শোনার দৃষ্টিভঙ্গিকে তিনি সবসময় সম্মান করেন, তবে এই গানে নিজের গানের কোনো ছায়া তিনি খুঁজে পাননি। তিনি আরও উল্লেখ করেন, ঘুরেফিরে সবাই একই স্বর এবং এর বিভিন্ন বিন্যাস নিয়ে খেলা করেন।
নিজের সৃষ্টিকে অনন্য বা অভূতপূর্ব দাবি করে কোনো ধরনের অহংকার প্রকাশ না করে মৌসুমী বরং এর শিকড় সন্ধানের চেষ্টা করেছেন। তিনি জানান, এই ধরনের সুরের ধারা বাংলার লোকসঙ্গীত ও পাঁচালীতেও খুঁজে পাওয়া সম্ভব। ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটির শুরুতেও পাঁচালীর সুরের আবহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে এই সুরের বীজ থেকে গানটি নিজস্ব রূপ লাভ করেছে বলে তার বিশ্বাস। নিজের সঙ্গীত জীবনের একটি পুরনো স্মৃতিচারণ করে তিনি বলেন, একবার তার গান শুনে এক বন্ধু বিশ্বখ্যাত শিল্পী জোন বায়েজের কথা স্মরণ করেছিলেন, অথচ তিনি সেটি মাথায় রেখে গান তৈরি করেননি।
পরিশেষে গায়িকা স্পষ্ট ভাষায় জানান, অজান্তে বা জেনেশুনে আমরা সবাই কোনো না কোনো পরিবেশ বা সুরের ছায়া বহন করে চলি। তবে হুবহু নকল করে নিজের বলে চালিয়ে দেওয়ার ঘটনা ছাড়া এসব বিষয়কে এত গুরুত্ব দিয়ে না ভাবার পরামশই দিয়েছেন এই গুণী শিল্পী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











