৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

০৬ নভেম্বর ২০২৬ - ১৯:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভূতপূর্ব ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ দিনটি মূলত দেশের প্রকৃত শত্রু ও মিত্র চিহ্নিত করার একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত।

​শুক্রবার (৬ নভেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এসব কথা বলেন।

​সংবাদে ইতিহাস চর্চা ও শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতকে সম্পূর্ণ ভুলে যাওয়া যেমন মারাত্মক ভুল, তেমনি সারাক্ষণ কেবল অতীত নিয়েই ব্যস্ত থাকা উচিত নয়। বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সঠিক দিকনির্দেশনা তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ। ১৯৭৫ সালের এই দিনটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণে একটি প্রধান নিয়ামক ভূমিকা পালন করেছিল বলে তিনি উল্লেখ করেন।

​বিবৃতিতে তিনি আরও জানান, যারা দেশকে অন্য কোনো শক্তির অধীনস্থ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল, ৭ নভেম্বরের জনবিপ্লব তাদের সেই চক্রান্তকে পুরোপুরি নস্যাৎ করে দেয়। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে গণতন্ত্র হরণ ও ফ্যাসিবাদের যে অপচেষ্টা হয়েছে, রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী তা বারবার প্রতিহত করেছে।

​তারেক রহমান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের বিপ্লব, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সম্প্রতি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে এক সুতায় গাঁথেন। তিনি মনে করেন, প্রতিটি সংগ্রামের মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন, নিরাপদ ও আত্মনির্ভরশীল কল্যাণ রাষ্ট্র গঠন করা।

​দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ও জনগণের অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে ৭ নভেম্বরের বৈপ্লবিক মূল্যবোধ ও ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে মূল প্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0