সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই ও আন্দোলনে হেফাজতে ইসলাম দ্বীন ও দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দীর্ঘ পর্যালোচনা ও মতামতের মাধ্যমে প্রণীত জুলাই সনদ সফলভাবে বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের পাশাপাশি ইসলামী মূল্যবোধের বিষয়গুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে।
বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী আদর্শের আলোকে দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দ্বীন ও দেশের স্বার্থে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ চালিয়ে গেছে। এই লড়াইয়ে সংগঠনটির আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ অসামান্য নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন ২৩ বছর সময় লেগেছিল, ঠিক তেমনি স্বৈরাচারী সরকারের কবল থেকে জনগণকে সম্পূর্ণ মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই দীর্ঘ পথপরিক্রমায় দেশের অসংখ্য আলেম-ওলামা, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন এবং গুম, হত্যা ও নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন।
জাতিসংঘের পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, শুধু বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেই প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া পূর্ববর্তী ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ বিভিন্ন উপায়ে হত্যা ও নিপীড়নের শিকার হয়েছেন। গায়েবি মামলা ও হামলার মাধ্যমে লাখ লাখ মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের মুক্তিকামী মানুষ আর কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে না। যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ কায়েম করার জন্য সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে এবং জুলুম-নির্যাতন চালিয়েছে, সেই স্বৈরাচারী ও খুনি চক্রের এ দেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার নেই।
উল্লেখ্য, বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজanas সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











