টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বৈষ্ণভি শর্মা
ভারতের তরুণ বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট অর্জনের বিরল নজির স্থাপন করেছেন। উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে এই অসাধারণ বোলিং নৈপুণ্য দেখান ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
ম্যাচটিতে নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ২২ রান খরচ করে মোট ৬টি উইকেট তুলে নেন বৈষ্ণভি। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট শিকার করা বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে তিনি ইতিহাসের পাতায় নাম লেখালেন। এর আগে ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে একই কীর্তি গড়েন হুমায়রা কাজী।
ম্যাচের শুরুর তিন ওভারে ১৬ রান খরচ করে দুটি উইকেট শিকার করেছিলেন বৈষ্ণভি। তবে নিজের স্পেলের শেষ ওভারে এসে তিনি দেখান চমৎকার নৈপুণ্য। ইনিংসের ১৯তম ওভারে শুরুতে ৬ রান দেওয়ার পর ওভারের শেষ চার বলে ধারাবাহিকভাবে চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ওভারের প্রথম তিন বলে পরপর তিন ব্যাটারকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি শেষ বলে আরও একটি উইকেট তুলে নিয়ে চার বলে চার উইকেটের বিরল কীর্তি সম্পন্ন করেন এই স্পিনার।
ঘরোয়া ক্রিকেটের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বৈষ্ণভি। গত বছরের ডিসেম্বরে ভারতের জার্সিতে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি ৫টি ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.২৬ রান খরচে ৫টি উইকেট শিকার করেছেন। ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তরুণ প্রতিভাবান স্পিনার। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে মাত্র দুটি ম্যাচ খেলে তিনি শিকার করেন ৯টি উইকেট। সীমিত দুই ফরম্যাটেই তার এমন অসাধারণ পারফরম্যান্স ভারতীয় নারী ক্রিকেটের ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনার বার্তা দিচ্ছে।
এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের জাত চেনান বৈষ্ণভি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট শিকার করে যেমন ইতিহাস গড়েন, তেমনই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। ওই ম্যাচে চার ওভার বল করে মাত্র ৫ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এমনকি পুরো টুর্নামেন্টে ১৭টি উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার কৃতিত্বও অর্জন করেন এই ভারতীয় স্পিনার।
শুধু সীমিত ওভারের ক্রিকেটেই নয়, দীর্ঘ পরিসরের ক্রিকেটেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বৈষ্ণভি। ২০২৪-২৫ মৌসুমের সিনিয়র উইমেনস মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে বল হাতে এক ইনিংসে ৫০ রান খরচ করে ৮টি উইকেট নেন তিনি। পুরো ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ছিল ১২৮ রানে ১৪ উইকেট, যা তার ক্রিকেটীয় ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অর্জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











