স্যান্ডপেপার কাণ্ডে শুধু স্মিথ-ওয়ার্নার নন, জড়িত ছিল পুরো দল: উসমান খাজার বিস্ফোরক দাবি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে আলোচিত বল বিকৃতি বা স্যান্ডপেপার কাণ্ডের ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই একা জড়িত ছিলেন না, বরং এর সঙ্গে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক ওপেনার উসমান খাজা। এমনকি কেপটাউনের আগের টেস্টেও বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি।
ঘটনার আট বছর পর নিজের আসন্ন আত্মজীবনী ‘সবর’-এ এসব গোপন তথ্য প্রকাশ করতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। আগামী মঙ্গলবার বইটি প্রকাশিত হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন খাজা।
তার দাবি, দলের সবাই এই বল বিকৃতির বিষয়টি জানতেন। এ প্রসঙ্গে উসমান খাজা বলেন, ‘এটা আমরা সবাই করেছি। শুধু ব্যাটাররা নয়, বোলাররা নয়, দলের স্টাফরাও নয়—আমরা সবাই।’
উল্লেখ্য, ২০১৮ সালের ওই ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দোষী সাব্যস্ত করে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি ওয়ার্নারকে নেতৃত্বের দায়িত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
খাজার অভিযোগ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া তার কোনো সাক্ষাৎকার নেয়নি। অথচ সেই কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশেই বসেছিলেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘পুরো টেস্টে আমি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসেছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেওয়া হয়নি। আমি ফোনের অপেক্ষায় ছিলাম। কিন্তু ফোন আর আসেনি। এরপর শাস্তি ঘোষণা করা হলো। আমি বিশ্বাসই করতে পারিনি।’
তিনি আরও যোগ করেন, ‘আট বছর ধরে ডেভি (ওয়ার্নার) বারবার সমালোচনার শিকার হয়েছে। ব্যানক্রফটের মাথার ওপরও বিষয়টি ঝুলে আছে। তাদের ন্যায্যবিচার পাওয়ার অধিকার আছে।’
এদিকে উসমান খাজার এমন মন্তব্যের পর ক্রিকেট অস্ট্রেলিয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, ২০১৮ সালের বল বিকৃতি ঘটনা নিয়ে পরিচালিত তদন্তের ফলাফলের প্রতি তাদের আস্থা রয়েছে। তবে খাজার এই নতুন দাবির ফলে ৮ বছর আগের সেই বিতর্কিত অধ্যায়টি আবারও ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











