গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর, শনিবার থেকেই কার্যকর
গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানরা মাসিক ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি তাদের যোগাযোগের সুবিধার্থে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ প্রদান করা হবে। নতুন ঘোষিত এই বেতন কাঠামো আজ শনিবার থেকেই সারা দেশে কার্যকর হবে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশে যোগ দেন তিনি।
সমাবেশে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে সাধারণ গ্রাম পুলিশদের বেতন সাড়ে সাত হাজার টাকা, যা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হলো। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
বেতনের পাশাপাশি তাদের অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা অবসরে ৮০ হাজার টাকা (পূর্বে ৫০ হাজার টাকা) এবং গ্রাম পুলিশ প্রধানরা এক লাখ টাকা (পূর্বে ৮০ হাজার টাকা) পাবেন।
যোগাযোগের ক্ষেত্রে যাতায়াত ভাতাও পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে থানায় আসা-যাওয়ার জন্য সপ্তাহে ৩০০ টাকা দেওয়া হলেও এখন সাধারণ সদস্যদের ক্ষেত্রে তা বাড়িয়ে ৫০০ টাকা এবং প্রধানদের ক্ষেত্রে ৬০০ টাকা করা হয়েছে।
গ্রাম পুলিশের পেশাগত ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেও বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু আর্থিক সুবিধাই নয়, পদবির পরিবর্তন এনে পূর্বে ‘মহল্লাদার’ ও ‘দফাদার’ নামে পরিচিতদের এখন থেকে যথাক্রমে ‘গ্রাম পুলিশ সদস্য’ ও ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে রূপান্তর করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা প্রদান করা হয়। এসব নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ করা হয়েছে ছয় মাস।
এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সড়কের দুই পাশে রোপণ করা বৃক্ষ বিক্রি থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বন্টন করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন গ্রাম পুলিশ সদস্যদের আগের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











