গোপনে বিয়ে করলেন পারশা মাহজাবিন, প্রকাশ করলেন না স্বামীর পরিচয়

০৭ নভেম্বর ২০২৬ - ১৬:৫৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গোপনে বিয়ে করলেন পারশা মাহজাবিন, প্রকাশ করলেন না স্বামীর পরিচয়
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন তাঁর বিয়ের খবর প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপন রেখেছেন এই গায়িকা। প্রকাশ করা ছবিতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি বরের পরিচয় নিয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে বরের মুখ ঢাকা ছবি শেয়ার করে পারশা মাহজাবিন লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

​পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্‌দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে সেই অনুষ্ঠানে তাঁর পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেননি; যদিও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিয়ের মূল আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বড় আয়োজনের মাধ্যমে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

​স্বামীর পরিচয় গোপন রাখার কারণ ব্যাখ্যা করে পারশা বলেন, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাঁকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।’

​প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে যাওয়ার সময় তাঁদের পরিচয় হয়েছিল বলে জানান এই শিল্পী। এরপর কথাবার্তা শুরু হলে একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তাঁর এই পছন্দে পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি করা হয়নি।

​জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে পারশা জানান, তাঁর কাছে জীবনের প্রথম ও সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা তাঁর বাবা। ছোটবেলা থেকেই বাবার আদর ও সুরক্ষায় বড় হয়েছেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া সেই নির্ভরতা ও স্বাধীনতাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর মূল প্রত্যাশা তৈরি করেছিল।

​উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ব্যাপক আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতাঙ্গনের পাশাপাশি অভিনয়েও পরিচিতি লাভ করেছেন এই জেন-জি শিল্পী। হঠাৎ বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেও আপাতত বরের পরিচয় সম্পূর্ণ আড়ালেই রাখতে চান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0