যা কিছু সুন্দর ও সফল, সবকিছুর মূলে জিয়াউর রহমান: ঢাবি উপাচার্য
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, তার সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ৭ নভেম্বর সংঘটিত না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় থাকত না এবং অন্য কোনো দেশের প্রদেশে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হতো। ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, পাল্টাপাল্টি অভ্যুত্থান এবং দেশি-বিদেশি আধিপত্যবাদের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করার পর সিপাহি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে তাকে মুক্ত করে রাষ্ট্রের দায়িত্বে বসায়। দিনটিকে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উল্লেখ করে তিনি এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন। এই কাঠামোর আওতায় বাঙালি ছাড়াও চাকমা, মারমা, মগ, মুরং, গারো ও খাসিয়াসহ দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টিতে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।
জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের মাঝে ধারণ করার আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











