চীনে বিয়ের হারে রেকর্ড ধস: ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নবদম্পতি
চীনে প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে কমছে বিয়ের প্রবণতা। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে বিয়ের অনুপাত গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। সন্তান জন্মদানের বিষয়টি বৈবাহিক সম্পর্কের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়ায় এ পরিস্থিতি জন্মহার ও সার্বিক জনসংখ্যাগত ভারসাম্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইয়িকাই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে ৪৬ লাখ ৫০ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একই সময়ের মধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন বা চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন ২০ লাখ ৮০ হাজার দম্পতি। পরিসংখ্যানে দেখা যায়, যা গত ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে কম বিয়ের ঘটনা।
বর্তমানে দেশটিতে বয়স্ক মানুষের অনুপাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিপরীতে শিশু জন্মদানের হার অস্বাভাবিক হারে কমছে। টানা চার বছর ধরে জনসংখ্যা কমার ধারায় রয়েছে চীন, যা সামগ্রিক অর্থনীতি ও তরুণ জনমিতির জন্য বড় উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘের জনসংখ্যা প্রাক্কলন অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান প্রজননক্ষম চীনা নারীর সংখ্যা এই শতাব্দীর শেষ নাগাদ দুই-তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়ে ১০ কোটির নিচে নেমে আসতে পারে।
অবশ্য কমতে থাকা বিয়ে ও জন্মহার স্বাভাবিক করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। দম্পতিদের আর্থিক অনুদান প্রদান, শিশু লালন-পালনে সহায়তা এবং চিকিৎসাসংক্রান্ত ব্যয় কমানোর নানামুখী নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া তরুণ সমাজকে শহরমুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনের নিশ্চয়তা দিতে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং নগর পরিকল্পনায় তাঁদের মতামত ও চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











